সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের প্রাণহানী, আহত তিনজন। 


admin. প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ / ০
সুনামগঞ্জে বজ্রপাতে তিন জনের প্রাণহানী, আহত তিনজন। 

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: প্রায় ১৫ দিনের ব্যবধানে সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন আরও তিনজন। গত ১১ এপ্রিল সুনামগঞ্জ জেলার চার উপজেলায় বজ্রপাতে পাচঁ জন নিহত হয়েছেন। এ নিয়ে মোট ৮ জন নিহত হয়েছেন। 
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় দুই জন নিহত হয়েছেন এবং জামালগঞ্জ উপজেলায় আরেক জন নিহত হয়েছেন। শান্তিগঞ্জ উপজেলায় আরও তিনজন আহত হয়েছেন। 

​নিহতরা হলেন,সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৪০) এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪২)।
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের আবুল কালামের পুত্র আবু সায়েম (২৩)। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলে জমির উদ্দিন অন্যান্য কৃষকদের সাথে আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে ধান কাটছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​একই সময়েই গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের বাসিন্দা জমির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গ্রামের নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতের কবলে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাকেও উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সায়েম সন্ধার আগে বাড়ি থেকে বের হয়ে পাশের হাওরে গরু আনতে গেলে বজ্রপাতে প্রাণ হারান। জামালগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। 
​সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে,সুনামগঞ্জের পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও তিনজন কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

শেয়ার করুন