
কামাল হোসেন রাফি::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাথে বালিজুরী ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম ‘মুল্লিকপুর-মাতাবপুর সড়ক’। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই মাটির সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জ জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিক।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটির অধিকাংশ স্থান মাটির হওয়ায় বৃষ্টিপাত ও সঠিক দেখভালের অভাবে খানাখন্দ এবং কাদায় পরিণত হয়েছিল। এর ফলে প্রতিদিন হাজার হাজার স্থানীয় জনসাধারণসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ওই এলাকার শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
জনসাধারণ ও শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দুর্দশা ও ভোগান্তি চোখের সামনে দেখে তা নিরসনে এগিয়ে আসেন এস এম মাহবুব মল্লিক। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে উদ্যোগ নিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত ও কাদাযুক্ত স্থানগুলোতে ইট, বালু ও পাথর ফেলে সংস্কারের ব্যবস্থা করেন।
সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এখন মুল্লিকপুর-মাতাবপুর সড়ক দিয়ে পথচারী, যানবাহন ও শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা জানান, “রাস্তাটি কাদায় ভরে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। গাড়ি চলাচলও প্রায় বন্ধ ছিল। এস এম মাহবুব মল্লিক নিজ খরচে রাস্তাটি সংস্কার করায় আমাদের অনেক বড় উপকার হয়েছে।” উদ্যোগী এই যুবদল নেতা এস এম মাহবুব মল্লিক জানান, জনগণের ভোগান্তি দেখে একজন সচেতন নাগরিক ও জনপ্রতিনিধি পদপ্রার্থী হিসেবে তিনি বসে থাকতে পারেননি। এলাকার মানুষের যাতায়াত সহজ করতেই তিনি নিজ উদ্যোগে এই সামান্য সহায়তা করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এলাকার যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :